দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নাটোরে নির্বাচনী সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে বের করে আনতে বিএনপিই সক্ষম। তিনি বলেন, জনগণ আর অতীতের রাজনৈতিক সংকটে ফিরে যেতে চায় না, বরং একটি মানবিক ও স্থিতিশীল বাংলাদেশ প্রত্যাশা করে।
শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুতুল অভিযোগ করেন, গত দেড় দশকে দেশে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং বিভাজনের রাজনীতি সমাজে ঘৃণা ও বৈষম্য বাড়িয়েছে। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের মধ্যে সহাবস্থান ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়া এলাকায় অবকাঠামোগত সমস্যার সমাধান জরুরি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর এই অঞ্চলের উন্নয়ন থমকে গেছে বলে দাবি করেন তিনি। একটি আধুনিক ও উন্নয়নমুখী এলাকা গড়তে ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী।
দলের অভ্যন্তরীণ বিভ্রান্তি প্রসঙ্গে সতর্ক করে পুতুল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সংগঠন দুর্বল করার চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, ক্ষমতার পালাবদলের পরও প্রতিশোধ নয়, বরং সহনশীল আচরণের নজির স্থাপন করেছে বিএনপি।
দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। স্থানীয় নেতাকর্মীদের বড় উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
