লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু

প্রকাশিত: 11 জুন 2026

15 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু পর তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। এর মধ্য দিয়ে নতুন অর্থবছরের রাজস্ব, ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক নীতির রূপরেখা জাতির সামনে তুলে ধরা হচ্ছে।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে বাজেট উপস্থাপনের আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশের সংসদীয় প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করা বাধ্যতামূলক। অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য বাজেট পাঠানো হয় এবং এরপর সংসদে তা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য এবং উৎপাদনমুখী খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি বাজারের অস্থিরতা এবং মূল্যস্ফীতির চাপের মধ্যে উপস্থাপিত এই বাজেট দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণ করবে। বিশেষ করে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ জনগণের প্রত্যাশা রয়েছে করনীতি, শিল্প উন্নয়ন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে কার্যকর উদ্যোগের।

এবারের বাজেট নির্বাচিত সরকারের অধীনে উপস্থাপিত প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এর গুরুত্ব বিশেষভাবে বিবেচিত হচ্ছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সরকারের আগামী এক বছরের অর্থনৈতিক পরিকল্পনা, রাজস্ব আহরণের কৌশল এবং উন্নয়ন অগ্রাধিকারের বিস্তারিত তুলে ধরবেন।

সংসদে বাজেট উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে। পরে জাতীয় সংসদে পাস হওয়ার মাধ্যমে এটি আগামী অর্থবছরের জন্য কার্যকর হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman