দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের চাপ কমাতে ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় দুই তৃতীয়াংশই ডিজেল, তাই এ খাতে দাম না বাড়িয়ে সরকার আপাতত জনগণের ওপর বাড়তি চাপ এড়াতে চায়। তাঁর ভাষায়, ডিজেলে ভর্তুকির চাপ বেশি হলেও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় এটি অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন দরে কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটকে মূল্য সমন্বয়ের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার বলছে, বৈশ্বিক বাজারে দাম কমলে দ্রুত সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বাজেট ব্যবস্থাপনায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানোর লক্ষ্য রয়েছে। তাই জ্বালানি খাতে অতিরিক্ত ভর্তুকি দীর্ঘ মেয়াদে টেকসই নয়। একই সঙ্গে তিনি নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের সময় কিছু এলাকায় ঝড় ও বৃষ্টির কারণে লাইনে ত্রুটি দেখা দেয়, যা অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করে। তবে সার্বিক উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় বেশি বলে দাবি করেন তিনি।
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে ডিজেলের দাম না বাড়ানোকে স্বস্তির সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে অন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে।
