লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রেমিট্যান্সযোদ্ধাদের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে

প্রকাশিত: 23 এপ্রিল 2026

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ায় জটিলতা ও ধীরগতির অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা পাসপোর্ট নবায়নে জটিলতা নিয়ে অভিযোগ করছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রেমিট্যান্সযোদ্ধাদের এই গুরুত্বপূর্ণ সমস্যার দিকে দ্রুত নজর দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে।

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা ভালো থাকলে দেশের অর্থনীতিও শক্তিশালী থাকবে। আর তাদের ভোগান্তি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যের পর সাধারণ ব্যবহারকারীরাও একই ধরনের অভিজ্ঞতা তুলে ধরেন। অনেকেই অভিযোগ করেন, বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে লোকবল সংকট, সার্ভার সমস্যাসহ অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ সময় লাগার কারণে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে এমন অভিযোগ বেশি আসছে।

মন্তব্যকারীরা বলেন, পাসপোর্ট নবায়নে বিলম্ব হলে ভিসা, আকামা, চাকরি, চিকিৎসা এমনকি দেশে যাতায়াতেও বড় ধরনের সমস্যা তৈরি হয়। এ অবস্থায় তারা ই-পাসপোর্ট সেবা বিকেন্দ্রীকরণ, দূতাবাসে জনবল বৃদ্ধি এবং জরুরি ক্ষেত্রে দ্রুত সেবা চালুর দাবি জানান।

বিশ্লেষকদের মতে, দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস প্রবাসী আয়। তাই এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলোকে আরও কার্যকর ও সময়োপযোগী করা জরুরি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman