দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া বিতর্কিত পোস্টের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতের এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া ঝাড়ুমিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নারীবিদ্বেষ ও ধর্মের নামে অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক ও স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী শ্রুতি রাজ চৌধুরী বলেন, ৫ আগস্টের পর যে বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা আজ হুমকির মুখে। তিনি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে কটূক্তি করছে এবং দায় এড়াতে চাইছে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কর্মজীবী নারীরাই অর্থনীতি ও পরিবার সচল রাখছেন। সেখানে তাঁদের নিয়ে কটূক্তি শুধু নিন্দনীয় নয়, সমাজের জন্যও অশনিসংকেত।
‘নারী অঙ্গন’-এর সংগঠক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার হ্যাকের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এত অল্প সময়ে একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে আবার নিয়ন্ত্রণে আসা সাধারণত সম্ভব নয়। তাঁর ভাষায়, নারীদের নিয়ে এমন বক্তব্য বাংলাদেশকে এক অন্ধকার পথে ঠেলে দিতে পারে।
সমাবেশে আরও বক্তব্য দেন ফয়জুন্নেসা হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তাসফিয়া তাবাসসুমসহ অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় ‘আমার সোনার বাংলায় নারী হেনস্তাকারীদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, বিতর্কিত পোস্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী থানায় সাধারণ ডায়েরি করেছে। দলটির দাবি, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে এবং এটি তাঁর ব্যক্তিগত বা দলীয় অবস্থান নয়। একই সঙ্গে কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাইবার হামলার অভিযোগ করেছে দলটি।
