লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ত্রিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সিদ্দিকুর রহমানের

প্রকাশিত: 07 অক্টোবর 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের চরপাড়া হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রফ রফ পরিবহনের একটি দ্রুতগতির বাস অন্য একটি যানবাহনকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কার পর তিনি ছিটকে সড়ক থেকে প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। চলতি বছরও এই মহাসড়কের ত্রিশাল অংশে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে কাজিরশিমলা এলাকায় একটি বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। এর আগে জুলাইয়েও বাসের ধাক্কায় এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটে।

সাম্প্রতিক এসব দুর্ঘটনায় অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণভাবে অন্য যানবাহনকে অতিক্রম এবং চালকদের নিয়ন্ত্রণ হারানোর মতো বিষয় সামনে এসেছে। সেপ্টেম্বরে ত্রিশালে সংঘটিত একটি দুর্ঘটনায় পুলিশ জানিয়েছিল, একটি বাস অন্য যানবাহনকে অতিক্রম করতে গিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দেয়।

সিদ্দিকুর রহমানের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসটির চালক বা পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman