লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতিসংঘে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রকাশিত: 15 মে 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতিসংঘে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিউইয়র্কে জাতি সংঘের সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেক খাইরি–এর সঙ্গে বৈঠকে তিনি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জনগণের আস্থা পুনর্গঠনে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি সেবার মান উন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, নিম্নআয়ের জনগোষ্ঠী ও কৃষকদের সুরক্ষায় সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার করছে।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটের মধ্যেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততা ও সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের ভূয়সী প্রশংসা করেন খালেদ খিয়ারি। বিশেষ করে শান্তি ও নিরাপত্তা রক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের উদ্যোগকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন তিনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman