লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রাম বন্দরে ইজারা ইস্যুতে ধর্মঘট, ৪ জনকে তড়িঘড়ি বদলি

প্রকাশিত: 01 ফেব্রুয়ারী 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে চারজন কর্মচারীকে ঢাকায় বদলি করেছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার ৩১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসারের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। একই দিন সকাল থেকেই বন্দরের শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

বদলি হওয়া চার কর্মচারী হলেন অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং এস এস খালাসী মো. ফরিদুর রহমান। তারা সবাই চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত ছিলেন।

দাপ্তরিক আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের ৩১ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে এবং তাদের পরদিন ১ ফেব্রুয়ারি পূর্বাহ্নেই ঢাকার পানগাঁও আইসিটিতে যোগদান করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানায়, কোনো প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এর পরপরই এই বদলি আদেশ আসায় বন্দর এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

যদিও আদেশে একে ‘অপারেশনাল কাজের স্বার্থে’ বদলি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে সাধারণ কর্মীদের মধ্যে এটি আন্দোলনের কারণে শাস্তিমূলক ব্যবস্থা বলেই দেখা হচ্ছে। হঠাৎ এই বদলিকে আন্দোলন দমন করার কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েও গুঞ্জন রয়েছে।

বদলিকৃত কর্মচারীদের একজন এবং সিবিএর সাবেক প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, “আমাদের বদলি করা হয়েছে ঠিকই, তবে আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি না। এই আদেশ প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার হবে।”

চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই চারজন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman