দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ মঙ্গলবার। তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পূর্ণ চিত্র স্পষ্ট হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।
ইসি সূত্র জানায়, এবার সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়। পরে ৬৪৫টি আপিলের মধ্যে ৪১৯ জন প্রার্থী ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পান। তবে আপিলে ছয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। আজ প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী সংখ্যা জানা যাবে।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোট দেবেন। সংসদের পাশাপাশি একই কেন্দ্রে গণভোট হওয়ায় ভোটকক্ষে গোপনকক্ষের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের তালিকাও গেজেটে যুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো চাপের মধ্যে নেই। তাঁর ভাষায়, সবাই ভালো নির্বাচন চায়, কমিশনও তাই চায়। রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও পরামর্শ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বিদেশে নিবন্ধিত ভোটারদের ঠিকানা জটিলতায় ইতালি ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। পোস্টাল ভোটিং পদ্ধতি নিয়ে আজ ইসি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে।
