দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়।
ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ মে ঢাকার একটি আদালতে সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিনে আদালত অপর আসামি স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত শেষে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য গ্রহণ করেন।
শিশু নির্যাতন ও হত্যার এ ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীর পরিবার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন।
