লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বহর, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের উদ্দেশে একটি বড় যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ নৌবহর ইরানের দিকে পাঠিয়েছে, যদিও এখনই কোনো সামরিক সংঘাতের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ট্রাম্প বলেন, প্রয়োজনে এই বহর ব্যবহার করা হতে পারে, তবে সেটি নাও লাগতে পারে। তবুও ইরানকে ঘনিষ্ঠ নজরদারিতে রাখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুদ্ধবিমান বহনকারী রণতরি ইউএসএস আব্রাহামসহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইরানের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই বহর ইরানের আশপাশের জলসীমায় অবস্থান নেবে বলে জানানো হয়।

একজন মার্কিন কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই নৌবহরে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হয়েছে। একই সঙ্গে বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিস্ফোরক।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে গত সপ্তাহেই এই নৌবহর ইরানের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক ক্রমেই অবনতি ঘটছে। গত বছরের জুন মাসে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঘটনাও ঘটে। পাশাপাশি, গত বছরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে ট্রাম্প প্রশাসন সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিল।

যদিও সে সময় সরাসরি সামরিক অভিযান হয়নি, বিশ্লেষকদের মতে, এবার যুদ্ধজাহাজের বহর পাঠানোর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman