লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এখন থেকেই ভোট পাহারা দিতে হবে, যেন কেউ আকাশ থেকে নেমে এসে কারও ভোট ছিনিয়ে নিতে না পারে

প্রকাশিত: 30 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট রক্ষায় সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন থেকেই ভোট পাহারা দিতে হবে, যেন কেউ আকাশ থেকে নেমে এসে কারও ভোট ছিনিয়ে নিতে না পারে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফেনীর তিনটি আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ১১টি দল একত্র হয়েছে। বিভক্ত নয়, ঐক্যবদ্ধ জাতি গড়াই তাদের লক্ষ্য। তিনি অভিযোগ করেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদরাসা বন্ধ হবে। এই দাবি নাকচ করে তিনি বলেন, কওমি মাদরাসা জামায়াতের কলিজা, কথা নয়, কাজে প্রমাণ দেওয়া হবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রতিটি তরুণকে দেশ গড়ার হাতিয়ার হিসেবে তৈরি করাই তাদের লক্ষ্য।

নারী অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীদের ঘরে বন্দি করার রাজনীতিতে তারা বিশ্বাসী নন। অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, দেশের মায়েরা এখন পরিবর্তনের বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক। ফ্যাসিবাদ, দুর্নীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে লাল কার্ড দেখানোই তাদের রাজনীতির লক্ষ্য।

সভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। জনসভায় জামায়াত-শিবির ও জোটভুক্ত দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman