লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাবিতে শীঘ্রই কাজ শুরু হবে চীন মৈত্রী আবাসিক হলের

প্রকাশিত: 15 ডিসেম্বর 2025

57 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট নিরসনে চীন সরকারের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে। প্রায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের স্থান নির্ধারণে সোমবার ১৫ ডিসেম্বর জগন্নাথ হল এলাকা পরিদর্শন করেছে চীনের একটি বিশেষজ্ঞ দল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চীনা ফিজিবিলিটি স্টাডি টিমের সদস্যরা।

এর আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি উপাচার্যের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, হিসাব দপ্তর এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই হল নির্মাণ একটি দীর্ঘদিনের প্রয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে চীন সরকারের সঙ্গে আলোচনা ও প্রস্তুতির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের পথে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১৫০০ ছাত্রী আবাসনের সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন হল নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সংকট উল্লেখযোগ্যভাবে কমবে বলেও তিনি জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের বিষয়টি জানার পর থেকেই চীন সরকার এই প্রকল্পে সহযোগিতা করছে। শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে চীনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman