লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রিট খারিজ, নির্বাচনে অযোগ্য মান্না

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

46 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। রাষ্ট্রপক্ষ জানায়, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য মান্না রিট করেছিলেন। আদালত আবেদনটি গ্রহণযোগ্য মনে না করায় তা খারিজ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, রিট খারিজ হওয়ায় মাহমুদুর রহমান মান্না আইন অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারালেন। নির্বাচন কমিশনের বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

এদিকে মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মতে, উচ্চ আদালতে এই বিষয়ে পুনরায় আইনি লড়াই করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আদেশ নাগরিক ঐক্যের নির্বাচনী কৌশলে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ঋণখেলাপি সংক্রান্ত আইন নির্বাচনী প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলছে, সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman