লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিতাদেশ তুলে নিল ইসি

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

66 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা-১৮ সংসদীয় আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হলফনামা ও আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যের অসামঞ্জস্যতার কারণে প্রথমে তাঁর মনোনয়ন স্থগিত রাখা হলেও সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত বদলায় কমিশন।

শনিবার ৩ জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, প্রাথমিক যাচাইয়ে মান্নার দাখিল করা হলফনামা ও আয়কর নথিতে কিছু গরমিল পাওয়া গিয়েছিল। সে কারণে বিকেল সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

এরপর মান্নার পক্ষ থেকে সংশোধনের জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধিত কাগজপত্র জমা দেওয়া হয়। সেগুলো পুনরায় যাচাই করে সবকিছু সঠিক পাওয়ায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি এর আগেও একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন, তবে এবারকার প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন মনে হয়েছে। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাঁকে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়ন ঘিরে এই নাটকীয়তা নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে ওই আসনের প্রতিদ্বন্দ্বিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman