দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া নাটকে নতুন মোড় দেখা দিয়েছে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে এবারের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
তবে এই সিদ্ধান্তের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশকে আবারও বিশ্বকাপে ফেরানোর সম্ভাবনা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশকে পুনরায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে আইসিসি।
প্রতিবেদনে আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পাকিস্তান সরে দাঁড়ালে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশকে রাখা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এতে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সহজ হবে।
অন্যদিকে,পাকিস্তান একপ্রকার বাংলাদেশের সমর্থনে আইসিসি’র সিদ্ধান্তের বিপরীতে গেছে। বিশ্লেষকগন মনে করছেন পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে এবং ওই জায়গায় বাংলাদেশ সুযোগ পায় এবং তা গ্রহণ করে, তবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ফাটলও ধরতে পারে।
পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে দেশটি। আইসিসি সূত্রে জানা গেছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, আসন্ন এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার ঝুঁকি রয়েছে।
বিশ্বকাপ সামনে রেখে এই অনিশ্চয়তা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।
