দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়—নির্ধারিত দিনেই নির্বাচন হবে বলে দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কে কী বললো তাতে কিছু আসে যায় না, সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন করতে অটল।
মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মোর্স ট্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বুধবার দুপুরে তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি সাংবাদিকদের জানান।
বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন হবে স্বাধীন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তবে এসব অপপ্রচার সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণার পর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
প্রায় এক ঘণ্টার বৈঠকে আসন্ন নির্বাচন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকেন্দ্রিক ভুয়া তথ্য, রোহিঙ্গা সংকট এবং সত্য ও পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে, জুলাই সনদ ভবিষ্যতে স্বৈরশাসনের পথ বন্ধ করবে এবং নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি তৈরি করবে। তিনি বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন এবং এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও অপপ্রচারও শনাক্ত করতে পারছে।
সাবেক মার্কিন কূটনীতিকরা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং ভুয়া খবরকে বিশ্বব্যাপী গণতন্ত্রের বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।
