লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফেভারিট স্পেনের সামনে বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে

প্রকাশিত: 15 জুন 2026

5 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

২০২৬ ফুটবল বিশ্বকাপে আজ শুরু হচ্ছে স্পেনের অভিযান। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমবারের মতো মুখোমুখি হবে স্পেন ও কেপ ভার্দে। বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনের বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।

কাগজে কলমে ম্যাচটি একতরফা মনে হলেও বিশ্বকাপের মঞ্চে চমকের ইতিহাস নতুন নয়। সেই বিশ্বাস নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে। অন্যদিকে কোনো ধরনের অঘটনের সুযোগ না রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় স্পেন।

কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত সময় পার করছে স্পেন। ইউরো ২০২৪ শিরোপাজয়ী দলটি বর্তমানে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পেরুকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তারা।

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর গত তিন আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্প্যানিশরা। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল, আর ২০১৮ ও ২০২২ সালে থেমে যেতে হয়েছিল শেষ ষোলোতে। ফলে এবারের বিশ্বকাপে শুরু থেকেই ছন্দ ধরে রাখার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্পেন।

দলের জন্য স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দুই তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবে দীর্ঘ টুর্নামেন্টের কথা মাথায় রেখে কোচ হয়তো প্রথম ম্যাচে তাদের নিয়ে ঝুঁকি নেবেন না। আক্রমণভাগে ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল এবং আলেক্স বায়েনাকে দেখা যেতে পারে। মাঝমাঠে দায়িত্বে থাকবেন রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইজ।

অন্যদিকে কেপ ভার্দের জন্য এটি একটি ঐতিহাসিক উপলক্ষ। শক্তিশালী ক্যামেরুনকে পিছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি। কোচ পেদ্রো লেইটাও ব্রিটো বুবিস্তার অধীনে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে ব্লু শার্কসরা।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ দুটি প্রস্তুতি ম্যাচে সার্বিয়া ও বারমুডাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কেপ ভার্দে। টানা তিন জয়ে আত্মবিশ্বাসী দলটি স্পেনের বিপক্ষেও লড়াই করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে।

কেপ ভার্দের আক্রমণের প্রধান ভরসা অভিজ্ঞ ফরোয়ার্ড রায়ান মেন্দেস। ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার দেশের হয়ে সর্বোচ্চ ২২ গোল করেছেন। রক্ষণভাগে থাকবেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার লোগান কোস্তা, যার ওপর স্পেনের আক্রমণ ঠেকানোর বড় দায়িত্ব থাকবে।

গ্রুপ ‘এইচ’-এ স্পেন ও কেপ ভার্দের সঙ্গে রয়েছে উরুগুয়ে ও সৌদি আরব। ফলে প্রথম ম্যাচের ফলাফল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। স্পেন জয় দিয়ে শিরোপা মিশন শুরু করতে চাইলেও কেপ ভার্দে চাইবে বিশ্বকাপ অভিষেকে অন্তত একটি চমক উপহার দিতে।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, আটলান্টায় আজ দেখা যাবে গতি, দক্ষতা ও কৌশলে ভরপুর একটি উপভোগ্য লড়াই।

সূত্রঃ আমার দেশ

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman