লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দিল্লিতে প্রবেশে করতে দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, অবশেষে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন

প্রকাশিত: 15 জুন 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে।

সরকারি সূত্র জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টার প্রবেশে বাধা দেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। এ উদ্দেশ্যে তিনি রোববার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান।

বাংলাদেশ হাইকমিশন আগেই আনুষ্ঠানিক কূটনৈতিক পত্রের মাধ্যমে তাঁর সফরের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তাঁর প্রবেশ অনুমোদন নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

পরে উচ্চপর্যায়ের হস্তক্ষেপে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান সেখানে অবস্থান না করার সিদ্ধান্ত নেন। তিনি একই রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা হন। সোমবার ভোরে কলম্বো পৌঁছে সেখান থেকে ঢাকার ফ্লাইটে যাত্রা করেন।

ঘটনাটি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

পররাষ্ট্রসংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।

 

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman