লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিখুঁত পাসে গোল, বিকেএসপিতে জাইমা রহমানের ফুটবল নৈপুণ্য

প্রকাশিত: 16 জুন 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সফরে গিয়ে নারী ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে ফুটবল খেললেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বল নিয়ন্ত্রণ, পাসিং এবং গোল করার দক্ষতা দেখে প্রশংসা করছেন ফুটবলপ্রেমীরা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিকেএসপির ফুটবল মাঠে নারী খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনমূলক খেলায় অংশ নিচ্ছেন জাইমা রহমান। এক পর্যায়ে তিনি গোলবারের সামনে থাকা একজন খেলোয়াড়কে বল পাস করেন। পরে দ্রুত অবস্থান পরিবর্তন করে আবার বল নিজের নিয়ন্ত্রণে নেন। ধারাবাহিক পাস আদানপ্রদানের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ডি বক্সে প্রবেশ করেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, গোলরক্ষকের অবস্থান পর্যবেক্ষণ করে জোরালো শটে বল জালে পাঠান জাইমা রহমান। তার গোল উদযাপনের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, খেলাটির প্রতি তার আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তরুণ ক্রীড়াবিদদের জন্য উৎসাহব্যঞ্জক বার্তা বহন করে।

বিকেএসপি সূত্রে জানা যায়, ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে সরেজমিন ধারণা নিতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে অবস্থান করেন জাইমা রহমান। সফরকালে তিনি বিভিন্ন ক্রীড়া ভেন্যু, প্রশিক্ষণ কেন্দ্র এবং শিক্ষার্থীদের আবাসিক সুবিধা ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। এ সময় তিনি শিক্ষার্থী, প্রশিক্ষক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের অংশ হিসেবে জাইমা রহমান জিমনেসিয়ামে ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন। পাশাপাশি ক্রিকেটের ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ, ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, শুটিং ভেন্যুসহ বিভিন্ন প্রশিক্ষণ অবকাঠামো পরিদর্শন করেন। শিক্ষার্থীদের হোস্টেলেও গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশ্লেষকদের মতে, দেশের ক্রীড়া উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন সফর ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারী ক্রীড়াবিদদের সঙ্গে মাঠে নেমে খেলায় অংশ নেওয়ার ঘটনাকে অনেকেই অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে অসংখ্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ফুটবল বিশ্বকাপের আবহে এমন একটি দৃশ্য দেশের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহের প্রশংসা করেছেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

সফরকালে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, অধ্যাপক নাসরিন সুলতানা এবং সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman