দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।
৪০ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বে সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ফিফা শেষ পর্যন্ত দুই ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রেখেছে। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের কোনো ম্যাচই মিস করতে হচ্ছে না পর্তুগাল অধিনায়ককে।
চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ০-২ গোলে হারের ম্যাচে ডারা ও’শিয়ার পিঠে কনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো। ২২৬ আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে এটিই ছিল তার প্রথম লাল কার্ড। বিবিসি জানায়, এই “প্রথমবারের অপরাধ” বিবেচনায় ফিফা শাস্তি কমিয়েছে।
এরই মধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সিআরসেভেন। বাকি দুই ম্যাচের শাস্তি এক বছর স্থগিত। ফিফা সতর্ক করে দিয়েছে—এই সময়ের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা তৎক্ষণাৎ কার্যকর হবে।
বাছাইপর্বে ৫ গোল করে গ্রুপ ‘এফ’-এ শীর্ষে থেকে পর্তুগাল টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। রোনালদো এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলেছেন (২০০৬ থেকে ২০২২)। ২০২৬ হবে তার ষষ্ঠ বিশ্বকাপ—যা একটি রেকর্ড।
৪০ পেরিয়েও আল-নাসরের হয়ে ধারাবাহিক গোল করা রোনালদোর জন্য এই সুখবর পর্তুগিজ সমর্থকদের মুখে হাসি ফোটাল। বিশ্বকাপে আরেকবার সিআরসেভেনের জাদু দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
