লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ওসমান হাদির হত্যাচেষ্টা তদন্তে সব তথ্য এখনই প্রকাশ সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 15 ডিসেম্বর 2025

64 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ১৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েমের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। এর আগেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের কথা জানিয়েছে এবং এই প্রক্রিয়া আরও গতিশীল করা হবে। তিনি বলেন, ওসমান হাদি বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশে রয়েছে নাকি পালিয়ে গেছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, তিন দফা দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। প্রথম দাবিতে তিনি ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি এবং গাফিলতির প্রমাণ পাওয়া গেলে শাস্তির দাবি জানান।

দ্বিতীয় দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালানো, সব স্তরের সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি।

তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরের দাবি করা হয়। পাশাপাশি অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথাও বলেন তিনি। দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানান ডাকসু ভিপি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman