দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান তারেক রহমান এক শোকবার্তায় শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই শোকাবহ সময়ে তার পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
শায়রুল কবির খান আরও জানান একই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষ থেকেও পৃথকভাবে শোক প্রকাশ করা হয়েছে। বিএনপির শীর্ষ নেতারা মরহুমের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
উল্লেখ্য শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
তার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শোকের পাশাপাশি উদ্বেগও বাড়ছে।
