লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক প্রধান উপদেষ্টাকে দেওয়া পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে প্রশ্ন করলে প্রেস সচিব জানান, তিনি ওই চিঠি দেখেননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে আওয়ামী লীগ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।

শফিকুল আলম বলেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগকে বাদ দিয়েছে, সেহেতু তারা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট এবং এতে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই নিষেধাজ্ঞা এবং নির্বাচন থেকে বাদ পড়ার বিষয়টি বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman