লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইতালি পাঠানোর প্রলোভনে ভূমধ্যসাগরে মৃত্যু, দুই মানবপাচারকারী গ্রেপ্তার

প্রকাশিত: 13 জানুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

১৪ লাখ টাকায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে আট বাংলাদেশিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার ১৩ জানুয়ারি সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট গত ১২ জানুয়ারি মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে গুরুদাস বারই ৪৫ এবং মো. মোতালেব মাতব্বর ৬৮ নামে দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করে। গুরুদাস বারইকে দক্ষিণ খালিয়া গ্রাম থেকে এবং মোতালেব মাতব্বরকে দামেরচর বাজার এলাকা থেকে আটক করা হয়।

সিআইডির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তারা এজাহারনামীয় মূল পাচারকারীদের নির্দেশে ভুক্তভোগী সংগ্রহ ও অর্থ আদায়ের কাজ করতেন। বিদেশে পাচারের পুরো প্রক্রিয়ায় তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, উন্নত জীবনের আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ভিকটিমদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নেওয়া হয়। বৈধভাবে ইতালি পাঠানোর কথা বলা হলেও পরে তাদের অবৈধভাবে লিবিয়া নেওয়া হয়। সেখান থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙ্গি নৌকায় তুলে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে আট বাংলাদেশির মৃত্যু হয়। পরে মরদেহগুলো তিউনিশিয়ার দুটি হাসপাতালে মর্গে রাখা হয় এবং সরকারি প্রক্রিয়ায় দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহত সজল বৈরাগীর পিতা সুনিল বৈরাগী বাদী হয়ে ঢাকা মহানগরের বিমানবন্দর থানায় মামলা করেন। সেই মামলায় তদন্তের অংশ হিসেবে এই দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman