দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশজুড়ে এলপি গ্যাসসহ জ্বালানি খাতে কাজ চলছে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
ভেনেজুয়েলা ও ইরানে চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে প্রভাব ফেলতে পারে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেনেজুয়েলা জ্বালানির ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থানে রয়েছে। সেখানে সাম্প্রতিক পরিস্থিতি কীভাবে প্রভাব ফেলবে, তা অনেকটা যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করছে। সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, জ্বালানি খাতে পাওয়ার এবং এনার্জি এই দুই দিককে সামনে রেখে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মধ্যে নিজস্ব অফশোর ড্রিলিং, কয়লার ব্যবহার এবং মধ্যপাড়ার হার্ড রক কয়লা উত্তোলনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে দেশের স্থানীয় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে উপদেষ্টাদের তুলনায় بيرোক্রেসি বেশি শক্তিশালী এমন মন্তব্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাস্তবতা হলো সবকিছু একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে। দক্ষতা, সমন্বয় ও নিষ্ঠা ছাড়া কেবল পরিকল্পনা করলেই ফল পাওয়া যায় না।
এদিনের বৈঠকে সয়াবিন তেল ও সার ক্রয়, বরিশালের প্রত্যন্ত অঞ্চলে একটি সেতু নির্মাণ এবং বিদেশে পাঠানোর জন্য ৬০ হাজার দক্ষ চালক তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
