দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইংরেজি দৈনিক নিউ এজ–এর সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন, খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণই তার প্রমাণ।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। দেশের রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন এ সভায় অংশ নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠান শেষ হয়।
নূরুল কবীর বলেন, মানুষ ও রাজনীতিক হিসেবে খালেদা জিয়ার যে গুণটি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো তার রুচিশীলতা, সংযম ও পরিমিতিবোধ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে নিজে ও পরিবার যেসব আঘাত ও নিপীড়নের শিকার হয়েছেন, তার প্রতিক্রিয়ায় তিনি কখনো প্রকাশ্যে ক্ষোভ বা প্রতিহিংসামূলক বক্তব্য দেননি। বর্তমান রাজনৈতিক অসহিষ্ণুতার সময়ে এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ টেনে নিউ এজ সম্পাদক বলেন, সেদিন জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির এক নেতা জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন যে দলটি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে রাজনীতি করবে। তিনি সেই অঙ্গীকার রক্ষার আহ্বান জানান।
শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সভায় যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোকসভা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
