লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রায় সব দলের প্রার্থীর বিরুদ্ধেই

প্রকাশিত: 20 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ প্রায় সব রাজনৈতিক দলের প্রার্থীরাই বিধি ভাঙছেন বলে উঠে এসেছে ৩৯ জেলার মাঠপর্যায়ের তথ্যে।

নির্বাচন কমিশনের আওতাধীন রিটার্নিং কর্মকর্তা ও অনুসন্ধান কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ জেলায় অন্তত ৭৩ জন প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। এর মধ্যে বিএনপির ৩৫ জন, জামায়াতে ইসলামীর ১৮ জন, এনসিপির ৪ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, বিভিন্ন ছোট দলের কয়েকজন এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, আর আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা ২২ জানুয়ারি থেকে। তবে তার আগেই পোস্টার লাগানো, মিছিল, শোভাযাত্রা, অনলাইন প্রচারসহ বিভিন্নভাবে বিধি ভেঙে প্রচারণায় নেমেছেন অনেক প্রার্থী। বেশির ভাগ ক্ষেত্রে তাদের সতর্ক করা হয়েছে। কিছু ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে।

চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইলসহ একাধিক জেলায় শোকজের সংখ্যা তুলনামূলক বেশি। কোথাও কোথাও প্রার্থীদের সমর্থক ও কর্মীদেরও জরিমানা করা হয়েছে। মাদারীপুর, ফেনী ও লালমনিরহাটে জরিমানার অঙ্ক উল্লেখযোগ্য।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের তিন সপ্তাহ আগে কোনো ধরনের প্রচার নিষিদ্ধ। বিধি লঙ্ঘনের জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই আচরণবিধি বাস্তবায়নের প্রকৃত চিত্র স্পষ্ট হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে মত তাদের।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman