লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা-১২ আসনে তাসলিমার ১২ দফা ইশতেহার ঘোষণা

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ’র প্রার্থী তাসলিমা আখতার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় তিনি আনুষ্ঠানিকভাবে ‘আমি নই আমরা: ঢাকা–১২’র ১২ দফা ইশতেহার’ উপস্থাপন করেন।

ইশতেহারে তিনি বলেছেন, এই ইশতেহার প্রস্তুত করা হয়েছে গত কয়েক মাসে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে। তিনি নির্বাচনী প্রচারণাকালে আরও মতামত সংগ্রহ করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইশতেহার চূড়ান্ত করবেন বলেও জানিয়েছেন।

ইশতেহারের ১২ দফায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজলভ্য করা, দুর্নীতি-চাঁদাবাজি-মাদক ও দখলদারিত্ব প্রতিরোধ, শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের দলীয়করণ প্রতিরোধ এবং নীতি-নির্ধারণে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার মতো প্রস্তাবনা রাখা হয়েছে। এছাড়া ঢাকা-১২ সিটিজেন কাউন্সিল গঠন করে এলাকার নাগরিক সেবা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে তিনি অংশগ্রহণমূলক সামাজিক উদ্যোগ চালানোর পরিকল্পনা জানিয়েছেন।

ইশতেহার ঘোষণা শেষে তাসলিমা আখতার বলেন, ঢাকা–১২কে তিনি একটি “দৃষ্টান্তমূলক মডেল” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সেবা, সুরক্ষা, সম্মান ও নাগরিক মর্যাদা নিশ্চিত হবে। তিনি বলেন, “রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

অনুষ্ঠানে ঢাকা-১২ আসনের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, গণসংহতি আন্দোলন-জিএসএ’র নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সংহতি বক্তব্যে শিল্পী ও সংগঠক রেবেকা নীলা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মেহনতি মানুষের পক্ষে কাজ করা নেতৃত্বকে সংসদে পাঠানোর সুযোগ তৈরি হয়েছে এবং তাসলিমা আখতার সেই নেতৃত্বের একজন।

গণসংহতি আন্দোলন-জিএসএ’র নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, তাদের দল বিশ্বাস করে পরিবর্তন সম্ভব এবং জনগণও পরিবর্তন চায়। তাই তারা তাসলিমা আখতারের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করছে।

উল্লেখ্য, তাসলিমা আখতার ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman