লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

প্রকাশিত: 31 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি শহীদদের রক্তের সঙ্গে যুক্ত একটি অঙ্গীকার।

শুক্রবার ৩০ জানুয়ারি রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, ভোটের দিন দুটি ব্যালট পেপার দেওয়া হবে। একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি সংস্কার প্রশ্নে গণভোটের। জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি দ্বিতীয় ব্যালটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি।

রংপুরকে শহীদ আবু সাঈদের রক্তে ভেজা পবিত্র ভূমি উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আবু সাঈদসহ সারাদেশে প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভোটের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে অধিকার প্রয়োগের আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখতে হবে। নিশিরাত ও ডামি নির্বাচনের অধ্যায় শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলকে অনেকে অবহেলিত ভাবলেও এখানে বিপুল সম্ভাবনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং কর্মসংস্থান বাড়ানো হবে। স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে দলের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড প্রদান এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা ও খাল খনন প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

জনসভায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman