দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার কারণেই জনগণ ধানের শীষ প্রতীকের ওপর আস্থা রাখে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন যেমন একটি ঐতিহাসিক সংগ্রামের ফল, তেমনি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের চেতনা ধরে রেখে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। জনগণ এখন বুঝতে চায় কোন দল দেশের জন্য কাজ করবে। বিএনপি কৃষিনির্ভর অর্থনীতি শক্তিশালী করা, কৃষকদের সহায়তা দেওয়া এবং প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানান তিনি। কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা, ক্রীড়া ও প্রযুক্তিখাতে তরুণদের দক্ষ করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে দলের। ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালু, নারীর ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান এবং ছোট শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। রাজনৈতিক অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে।
দীর্ঘ বিরতির পর তারেক রহমানের সফরকে ঘিরে জনসভায় বিপুল উপস্থিতি দেখা যায়। স্থানীয় নেতারা জানান, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। সভায় সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
