লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশিত: 01 ফেব্রুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম আরও কমিয়েছে সরকার। নতুন এই মূল্যহার ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আওতায় দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারপ্রতি ২ টাকা কমে দাঁড়িয়েছে ১১৬ টাকায় এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। পেট্রোল ও কেরোসিনের দাম ছিল যথাক্রমে ১১৮ টাকা ও ১১৪ টাকা প্রতি লিটার। নতুন এই সমন্বয়ের ফলে পরিবহন খাত, কৃষি এবং সাধারণ ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দামের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার প্রভাবই এই মূল্যহ্রাসে প্রতিফলিত হয়েছে। তবে তারা মনে করছেন, জ্বালানি তেলের দাম কমলেও পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে এর সরাসরি প্রভাব পড়ছে কি না, সে বিষয়ে সরকারের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সরকার বলছে, ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman