লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: 03 ফেব্রুয়ারী 2026

113 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি মানবকল্যাণে আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মুসলমানরা শবে বরাত পালন করবেন। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলিম বিশ্বে বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়ে থাকে।

বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিরল সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন। এ কারণেই এই রাতকে সৌভাগ্যময় রজনী হিসেবে বিবেচনা করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত বন্দেগি, দান সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করার আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করা যায়।

তিনি আরও বলেন, আসুন আমরা পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করি। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে প্রার্থনা করি এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং হেফাজত করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman