দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন পরাজিত প্রার্থী সারজিস আলম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা নিজেই বিজয়ী প্রার্থী বিএনপির ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের কাছে গিয়ে অভিনন্দন জানান। সারজিস আলম শাপলা কলি প্রতীকে লড়াই করে ১ লাখ ৬৮ হাজারের কাছাকাছি ভোট পেলেও ধানের শীষ প্রতীকের নওশাদ জমির প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।
ফলাফল ঘোষণার পর সারজিস আলম বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনটি সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে। তিনি ভোটার নির্বাচন কমিশন প্রশাসন এবং সব প্রার্থীর কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান। এই আচরণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধ ও সৌজন্যের উদাহরণ হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী একে অপরের প্রতি সম্মান দেখিয়েছিলেন এবং এখন পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানানোয় স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা গেছে।
এ আসনে মোট ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ফলাফল অনুসারে নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজারের বেশি ভোট পান। বিশ্লেষকরা মনে করছেন বিএনপির সাংগঠনিক শক্তি এবং স্থানীয় প্রভাব এখানে কাজ করেছে যদিও সারজিস আলম জুলাই আন্দোলনের অগ্রনায়ক হিসেবে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
