দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিশেষায়িত ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তার ক্যারিয়ার রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রথম দফায় চাকরি হারান তিনি। পরে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরেন।
এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি দ্বিতীয় গ্রেডে উন্নীত হন। সর্বশেষ তাকে দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব দেওয়া হলো।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার এবং বাহিনীর পেশাদারিত্ব জোরদার এখন বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রশাসনিক অভিজ্ঞতা ও পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে নতুন আইজিপির সামনে আস্থা পুনর্গঠন ও কাঠামোগত সংস্কার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হবে।
