দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে অনেকটাই বোধগম্য। ২৫ ফেব্রুয়ারি উপলক্ষে দেওয়া বার্তায় তিনি ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদরদপ্তরে সংঘটিত হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দিনটি জাতীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
বাণীতে তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান থাকায় বিচারাধীন বিষয়ে বিস্তারিত মন্তব্যের সুযোগ নেই। তবে তার ভাষ্য, এই হত্যাকাণ্ডের পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল, যা নাগরিকদের অনুধাবনে রাখা প্রয়োজন। ঘটনার পর অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টার কথাও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের সম্মান ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর প্রত্যয়ই হোক শহীদ সেনা দিবসের মূল বার্তা বলেও উল্লেখ করেন তিনি।
