লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আর্থিক খাতেকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত: 12 মে 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের আর্থিক খাত ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না এবং নতুন উদ্যোগগুলো পরিচালিত হবে পুরোপুরি পেশাদার কাঠামোর মাধ্যমে।

মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান মাসরুর আরেফিন সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

অর্থমন্ত্রী বলেন, সরকারের কোনো রাজনৈতিক নিয়োগ বা অযাচিত প্রভাব এই প্রতিষ্ঠানে কাজ করবে না। এটি শতভাগ পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হবে। তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে নির্দিষ্ট মূলধন নিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে এর পরিধি ও বিনিয়োগ সক্ষমতা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, এটি শুধু একটি বিনিয়োগ কোম্পানি নয়, বরং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান ও শক্তিশালী করার একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তরুণ উদ্যোক্তাদের প্রধান দুটি সমস্যা হিসেবে অর্থের অভাব এবং জামানত সংকটের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই বাধাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে স্বচ্ছ, দক্ষ এবং সম্পূর্ণ পেশাদার।

সরকারের অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। বিশেষ করে সৃজনশীল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর খাতের মাধ্যমে শহর ও গ্রামের তরুণদের অর্থনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

দেশের আর্থিক খাতের বর্তমান চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, পুঁজিবাজার সংস্কার এবং আর্থিক খাতে “সিরিয়াস ডিরেগুলেশন” কার্যক্রম শুরু হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও সরকারের সঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাত ও বেসরকারি খাতের আন্ডার ক্যাপিটালাইজেশন দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের একাধিক ব্যাংকের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

সংক্ষিপ্ত বিশ্লেষণে অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত আর্থিক খাতের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর করা গেলে তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman