দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরের পথে বেলা সাড়ে ১১টায় বরুড়া উপজেলা-এর লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
এরপর চাঁদপুর সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিও রয়েছে।
এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে তিনি চাঁদপুর সফর করেছিলেন।
