লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও ভারতে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বহাল রাখার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগ গুরুত্ব দিয়ে বিবেচনা করলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন ও পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ভারতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনা ঘটেছে। ঠিক এক দিন আগেই পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া। এসব ঘটনা উপেক্ষা করে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নেই বলা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে আইসিসি ‘নিরাপত্তা হুমকি নেই’ দাবি করে বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে। এ বিষয়ে বিসিবি ও বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে।

ফারুকী তার পোস্টে মুম্বাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবাণীর কথাও উল্লেখ করেন। তার ভাষায়, দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণার প্রেক্ষাপটে এসব হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এই বাস্তবতার ফল হিসেবেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের প্রসঙ্গ তুলে ফারুকী বলেন, ওই মূল্যায়নেই বাংলাদেশ দলের জন্য মাঝারি থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকির কথা উল্লেখ রয়েছে। এমন অবস্থায়ও আইসিসির সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, আইসিসি যদি সত্যিই সব সদস্য দেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তার মতে, নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসিরই।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও মন্তব্য করেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ আমলে নেওয়ার ক্ষেত্রে আইসিসি সুবিচার করেনি। পাশাপাশি ভারত সরকারও বাংলাদেশকে বিশ্বকাপে নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেয় বিসিসিআই। ওই ঘটনাকে আইসিসি ‘বিচ্ছিন্ন’ বলে উল্লেখ করলেও বাংলাদেশ পক্ষ একে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে দেখছে।

ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি, বাংলাদেশ ক্রিকেট, নিরাপত্তা, আইসিসি নিরপেক্ষতা, বাংলাদেশ বিশ্বকাপ, ভারতে নিরাপত্তা শঙ্কা, মোস্তাফিজ, বিসিবি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman