দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের তিনটি জেলা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও বৃহস্পতিবার এই হালনাগাদ ভ্রমণ সতর্কতা জারি করে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময় দেশের কিছু এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
এফসিডিও জানায়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রত্যন্ত এলাকায় নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপের খবর পাওয়া যায়। নির্বাচনকে সামনে রেখে এসব ঝুঁকি আরও বাড়তে পারে বলে সংস্থাটি মনে করছে।
ভ্রমণ সতর্কতায় সন্ত্রাসবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করা হয়েছে। এফসিডিওর মতে, এই সময়ে সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং এসব হামলা নির্বিচারে ঘটতে পারে। এতে বিদেশি নাগরিকদের যাতায়াতস্থলও লক্ষ্যবস্তু হতে পারে।
সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানের তালিকায় সরকারি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ ও ক্যাফে, গণপরিবহন, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশস্থলের কথা উল্লেখ করেছে সংস্থাটি।
এফসিডিও স্মরণ করিয়ে দিয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশজুড়ে সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটে। যদিও নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, তবু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয় বলে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির দিকে নজর রাখতে, রাজনৈতিক সমাবেশ ও বড় জমায়েত এড়িয়ে চলতে এবং কোথাও বিক্ষোভ শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং গণমাধ্যমের খবর নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
