দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দীর্ঘ এক দশক পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪১ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বিমানের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বেবি চপ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।
প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে করাচি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২:০১ মিনিটে যাত্রা শুরু করে ঢাকায় ভোর ৪:২০ মিনিটে পৌঁছাবে।
রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এটি দুই দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক মেলবন্ধন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শীতকালীন সূচি অনুযায়ী, এই ফ্লাইট প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচি এবং একই দিনে করাচি থেকে ঢাকায় পরিচালিত হবে।
