দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল। নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত হলেও এবার তাদের লক্ষ্য গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির স্টেডিয়ামে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়।
দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্ক উভয় দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো খেলবে হাইতির বিপক্ষে। ফলে দুই দলই জয় পেলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১।
পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষে কথা বলছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে ব্রাজিল, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি একাদশে বড় ধরনের পরিবর্তন আনছেন না বলে জানা গেছে। হাইতির বিপক্ষে জয় পাওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই নিজেদের জায়গা ধরে রাখছেন। তবে ডান প্রান্তে রাফিনহার পরিবর্তে তরুণ ফরোয়ার্ড রায়ানকে শুরু থেকে দেখা যেতে পারে। অনুশীলনেও তাঁকে মূল দলের সঙ্গে রাখা হয়েছে।
এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমার। চোট থেকে সেরে অনুশীলনে ফিরলেও তাঁকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না আনচেলত্তি। দলের পরিকল্পনা অনুযায়ী, নকআউট পর্বের জন্য তাঁকে পুরোপুরি প্রস্তুত রাখা হচ্ছে। তবে ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে পারেন এই তারকা ফরোয়ার্ড।
মিডফিল্ডে কেসিমিরো এবং ডিফেন্ডার ডগলাস সান্তোস এর ওপরও বিশেষ নজর থাকবে। দুজনই ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তারা।
বিশ্লেষকদের মতে, ব্রাজিলের জন্য ম্যাচটি শুধু জয় পাওয়ার নয়, বরং গোল ব্যবধান বাড়ানোরও সুযোগ। কারণ গ্রুপসেরা হলে নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
সম্ভাব্য ব্রাজিল একাদশ:
আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কেসিমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
