দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রায়েল। তার সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের রাজনৈতিক বিভাগের কর্মকর্তারা। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দল এবং কয়েকজন সংসদ সদস্য।
বৈঠকে শফিকুর রহমানের সম্ভাব্য অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার উপায় এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় উভয় পক্ষের পক্ষ থেকে মত প্রকাশ করা হয় যে, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না। এ সময় সদ্য ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন ও সহযোগিতার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
বৈঠকের এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
