লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: 15 জুন 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের সরকারি প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ইউনেসকো এবং বাংলাদেশ সরকার। সোমবার রাজধানী ঢাকায় শুরু হওয়া এই প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পেশাজীবী এবং তথ্যপ্রযুক্তি ফোকাল পয়েন্টরা অংশ নিচ্ছেন।

১৫, ১৬ ও ১৮ জুন অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো এআই প্রযুক্তি, নৈতিক সুরক্ষা ব্যবস্থা এবং কার্যকর শাসন কাঠামো সম্পর্কে সরকারি কর্মকর্তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা।

বিশ্বজুড়ে সরকারি প্রশাসন, সেবাদান এবং নীতিনির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে থাকায় বাংলাদেশেও এ বিষয়ে সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে। ইউনেসকোর পরিচালিত এআই প্রস্তুতি মূল্যায়ন কার্যক্রমে নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নকে নিরাপদ ও কার্যকর এআই ব্যবহারের অন্যতম পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইউনেস্কো (UNESCO) ঢাকার বিজ্ঞান বিভাগের প্রধান খালিদ বিন মাসুদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি ইতোমধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা নকশা, সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিকদের সঙ্গে সম্পৃক্ততার ধরনকে প্রভাবিত করছে। তাই সরকারি কর্মকর্তাদের এআই বিষয়ে দক্ষ করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণ কর্মসূচিটি এমন সরকারি প্রতিষ্ঠানগুলোকেও সহায়তা করবে, যারা তাদের দৈনন্দিন কার্যক্রম ও জনসেবায় এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস, এম, মঈন উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল রূপান্তরের চলমান যাত্রায় এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। সরকারি ক্রয় ব্যবস্থার ইলেকট্রনিক প্ল্যাটফর্ম আরও উন্নত করতে এবং জনসেবার মান বাড়াতে এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এআই প্রযুক্তির মৌলিক কাঠামো, জনসেবায় এর সম্ভাব্য ব্যবহার, নৈতিক ও শাসনসংক্রান্ত চ্যালেঞ্জ এবং দায়িত্বশীল ব্যবহারের বাস্তব কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন।

ইউনেসকোর ‘এআই এথিকস এক্সপার্টস উইদাউট বর্ডার্স’ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত এই প্রশিক্ষণে দক্ষিণ এশিয়ায় ইউনেসকোর আঞ্চলিক কার্যালয়, ইউএনডিপি শ্রীলংকা সিত্রা সোশ্যাল ইনোভেশন ল্যাব (UNDP Sri Lanka Citra Social Innovation Lab), ব্র্যাক উনিভার্সিটি (BRAC University) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (North South University)-এর বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।

এই উদ্যোগ ইউনেসকোর কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা বিষয়ক বৈশ্বিক সুপারিশ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে বাংলাদেশের জাতীয় শাসনব্যবস্থার সঙ্গে সমন্বয়ের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman