দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শেরপুর ৩ আসনের উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
জাল ভোট, ভোট কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং তার নিযুক্ত এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান। তার দাবি, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না থাকায় ভোটে অংশগ্রহণ অব্যাহত রাখা সম্ভব নয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর ৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।
অন্যদিকে প্রশাসন বলছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয়জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন পর্যবেক্ষক ও বিচারিক কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
ভোট চলাকালে প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক বাড়াতে পারে। তবে প্রশাসনের দাবি, নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে নির্বাচন সুষ্ঠু রয়েছে।
