লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় ক্রীড়াবিদদের ভাতা কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: 30 মার্চ 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ক্রীড়াকে পেশা ও টেকসই জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য বিশেষ ‘ক্রীড়া কার্ড’ চালু করা হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলাধুলাকে পেশাগতভাবে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াকে শুধু শখ নয়, বরং সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত ভাতা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সাফল্য অর্জন করবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধি এবং জাতীয় দলের ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের এই ভাতার আওতায় আনা হবে এবং তাদের প্রশিক্ষণ, চিকিৎসা ও আন্তর্জাতিক অংশগ্রহণে অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ ক্যারিয়ার মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। নিয়মিত ভাতা ও স্বীকৃতি ব্যবস্থা চালু হলে দেশে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman