দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিশ্বকাপ মঞ্চে আবারও নিজের অসাধারণ প্রতিভার ঝলক দেখালেন লামিনে ইয়ামাল। তরুণ এই স্প্যানিশ তারকার গোল ও মিকেল ওয়ারজাবালের জোড়া আঘাতে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন।
অ্যাটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইউরোপের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের গতি ও সুযোগ সৃষ্টিতে প্রতিপক্ষকে প্রায় পুরো সময়ই চাপে রাখে লুইস দে লা ফুয়েন্তের দল।
ম্যাচের দশম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। প্রতিপক্ষের ভুল থেকে বল দখল করে দ্রুত আক্রমণে ওঠে স্পেন। বাম দিক থেকে মিকেল ওয়ারজাবালের দারুণ ক্রসে বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন লামিনে ইয়ামাল। গোলের পর নিজের স্বভাবসুলভ উদযাপনে মেতে ওঠেন ১৮ বছর বয়সী এই তারকা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের এক বিশেষ তালিকায় জায়গা করে নেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচের প্রথম গোলদাতাদের তালিকায় তিনি নাম লেখান ফুটবল কিংবদন্তি পেলে এর পাশে। ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে এমন কীর্তি গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি।

প্রথম গোলের পর আরও ভয়ংকর হয়ে ওঠে স্পেন। ২১ মিনিটে কর্নার থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওয়ারজাবাল। মাত্র তিন মিনিট পর আবারও সৌদি রক্ষণভাগে আঘাত হানে স্প্যানিশরা। দানি ওলমোর হেড থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ারজাবাল। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে দলকে সতেজ রাখতে ইয়ামাল ও ওয়ারজাবালকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে তাতেও স্পেনের আক্রমণের ধার কমেনি। ৪৯ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে সৌদি ডিফেন্ডার আব্দুল্লাহ তামবাখতির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্পেন। ম্যাচজুড়ে তারা ২১টি শট নেয়, যেখানে সৌদি আরবের শট ছিল মাত্র তিনটি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেস গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে গ্রুপপর্বে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। দুই ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ চার পয়েন্ট, যা তাদের গ্রুপের শীর্ষে নিয়ে গেছে।
অন্যদিকে বড় ব্যবধানে হারলেও নকআউট পর্বে ওঠার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি সৌদি আরবের। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তৃতীয় স্থানে। শেষ ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে তাদের ভাগ্য।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ইয়ামালের ফর্ম স্পেনকে নতুন আশার আলো দেখাচ্ছে। তরুণ এই তারকার ধারাবাহিক পারফরম্যান্স দলটির শিরোপা স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলছে।
