দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করতে চান, এই হত্যাকাণ্ডের বিচার এমন ভাবে সম্পন্ন করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার ভাষায়, এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল এবং এমন কাজ তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও অন্যতম নৃশংস ঘটনা। ঘটনার পেছনের উদ্দেশ্য জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল, তবে সেই কমিটির পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রতিবেদন এখন সরকারের হাতে রয়েছে বলে জানান তিনি। তবে তার দাবি, পূর্ববর্তী সময়ে প্রতিবেদন বাস্তবায়নে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। তার মতে, আগের কমিশন যথোপযুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল এবং তারা সুপারিশ দিয়েছে। কমিশনের প্রতিবেদনে যে সুপারিশ এসেছে এবং যে মামলাগুলো এখনো বিচারাধীন রয়েছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। প্রতি বছর দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়।
