দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বান্দরবানে রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার ২২ এপ্রিল গভীর রাতে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মো. ইসমাইলের মালিকানাধীন একটি রাবার বাগানে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র ব্যক্তি। ঘটনার পরপরই স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।
অপহৃতরা হলেন মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। তারা সবাই বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অভিযান শুরু করেছে এবং অপহৃতদের উদ্ধারে কাজ চলছে।
পার্বত্য অঞ্চলে মাঝে মধ্যেই এমন অপহরণের ঘটনা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
