দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
লেবাননে প্রাণঘাতী হামলার পর ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি অভিযোগ করেন, হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও মানবজীবনের প্রতি গুরুতর অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির দিনেই লেবাননে চালানো এক হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট অবস্থান নিতে হবে।
সানচেজ বলেন, বর্তমান পরিস্থিতিতে লেবাননকে যুদ্ধবিরতি কাঠামোর আওতায় আনা জরুরি। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান, যাতে তারা ইসরাইলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করে রাজনৈতিক চাপ সৃষ্টি করে।
২০০০ সালে স্বাক্ষরিত ইউরোপীয় ইউনিয়ন ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি দুই পক্ষের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক সংলাপের আইনি ভিত্তি হিসেবে কাজ করে আসছে। এই চুক্তি স্থগিত হলে ইউরোপ ও ইসরাইলের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে ইউরোপের ভেতরেই নীতিগত বিভাজন স্পষ্ট হচ্ছে। স্পেনের এই অবস্থান ইইউর অভ্যন্তরীণ আলোচনায় নতুন চাপ তৈরি করতে পারে এবং মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপীয় ভূমিকার পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
